আসন্ন সফরে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লাহোরকেন্দ্রিক নিরাপত্তা জোরদার করেছে পাকিস্তান সরকার। সফরে বাংলাদেশ দলের নিরাপত্তায় নিয়োজিত থাকবে দেশটির সেনাবাহিনীর কমান্ডোরা, পুলিশ বাহিনী ও আধা সামরিক বাহিনী রেঞ্জার্স। আগামী ২৪ জানুুয়ারি শুরু হওয়া সিরিজ নিয়ে নিরাপত্তার ছক তৈরি করতে শনিবার বৈঠকে বসেছিল আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি। বাংলাদেশ দলের হোটেল ও মাঠে যাওয়ার পথ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে মোতায়েন করা হবে ১০ হাজার পুলিশ। বড়ো ধরনের সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নিতে তৈরি থাকবেন ১৯ জন বিশেষ কর্মকর্তা, সামরিক কমান্ডো ও রেঞ্জার্স।