বৃষ্টি নিয়ে শঙ্কায় ছিল যুবারা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

জয়ে শুরু বাংলাদেশের

 স্পোর্টস রিপোর্টার

বৃষ্টি বাংলাদেশকে দুই পয়েন্ট থেকে বঞ্চিত করে ফেলতে যাচ্ছিল। পচেফস্ট্রুমে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের খানিকদূর যেতেই নেমেছিল বৃষ্টি। ঝুম বৃষ্টিতে ম্যাচ ভেসে যাবে মনে হচ্ছিল। অনেক আশা নিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ দল এই দুই পয়েন্ট কিছুতেই হারাতে চাচ্ছিল না। অবশেষে সেই বৃষ্টি থামার পর জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল বাংলাদেশ শিবিরে ছিল এই পয়েন্ট না হারানোর উচ্ছ্বাস।

জিম্বাবুয়েকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৯ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে সূচনাটা দুর্দান্তই হলো বাংলাদেশের। শনিবার পচেফস্ট্রুমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক আকবর আলী। তানজিম হাসান সাকিব পঞ্চম ওভারে ওয়েসলি মাধেভেরেকে ফেরান। এরপর ইমানুয়েল বাওয়া আর মিল্টন শুম্বা মিলে পরিস্থিতি সামাল দেন। তবে দলীয় ৬৮ রানে বাওয়া মৃত্যুঞ্জয়ের শিকার হয়ে ফিরলে ধস নামে জিম্বাবুয়ে শিবিরে। ২০ রান যোগ করতেই ৪ উইকেট হারায় তারা। ১২৭ রানে ষষ্ঠ উইকেট হারায় দলটি। বৃষ্টির বাগড়ার আগে ২৮.১ ওভারে ১৩৭ রান তোলে জিম্বাবুয়ে।

বৃষ্টির পর ২২ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৩০ রানের। ওপেনার তানজিদ হাসানের তাণ্ডবে উড়ন্ত সূচনা পায় আকবর আলীর দল। ১০ বলে ৩২ রানের ইনিংস খেলে আউট হন তানজিদ। তবে তার গড়ে দেওয়া ভিতে পারভেজ হোসেনের ৩৩ বলে ৫৮ আর মাহমুদুল হাসান জয়ের ২৬ বলে ৩৮ রানের ইনিংসে সহজ জয়ই পায় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশ দলের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার বললেন, তারা পয়েন্ট হারানোর শঙ্কায় ছিলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে জয়টা তো আমাদের প্রাপ্য ছিল। তাই যখন প্রচণ্ড বৃষ্টি নামল, সবাই খুব অস্থির হয়ে পড়েছিল। এরপর আস্তে আস্তে বৃষ্টি চলল অনেকক্ষণ। অবশেষে বৃষ্টি থামার পর দ্রুত খেলা হয়েছে। মাঠের ড্রেনেজ সিস্টেম খুব ভালো। আর কর্মীরাও অনেক চেষ্টা করেছেন।’

এরপরও অবশ্য বৃষ্টির পূর্বাভাষ ছিল। যদিও ২২ ওভার ছিল ১৩০ রান করার জন্য। কিন্তু বাংলাদেশ দল জানত, ১২-১৩ ওভারের বেশি খেলা হবে না। তাই তারা দ্রুত খেলা শেষ করার চেষ্টা করেছে বলে ম্যানেজার জানালেন, ‘আমাদের ঝড়ো ব্যাটিং করার দুটো কারণ ছিল। আবহাওয়ার পূর্বাভাষ বলছিল, আবার ঘণ্টাখানেক পর বৃষ্টি আসবে। তাই এর মধ্যে খেলা শেষ করতে হতো। আর টুর্নামেন্টের শুরুতেই আমরা রান রেট ভালো রাখতে চাচ্ছিলাম। সেজন্য টপঅর্ডার ব্যাটসম্যানদের একটু চালিয়ে খেলতে বলা হয়েছিল।’ নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী মঙ্গলবার স্কটল্যান্ডের মুখোমুখি হবে যুবারা।