বুরুন্ডির দুই ফুটবলারকে পছন্দ শেখ রাসেলের

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে খেলতে আসা বুরুন্ডিকে নিয়ে অনেকে অনেক কথা বললেও দলটি এখন সেমিফাইনাল খেলছে। ঢাকার মাঠে আফ্রিকান ফুটবলারদের একঘেয়েমি খেলা দেখে বিরক্ত দর্শকরাও তাদের খেলা পছন্দ করেছে। এমনকি তাদের দুই ফুটবলারকে পছন্দ করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

বুরুন্ডির নিশিমরিমানা জোসপিন মরিসাশের বিপক্ষে প্রথম খেলায় হ্যাটট্রিক করেছিলেন। জোসপিন ছাড়াও তার সঙ্গে মুগিশা এন্টনিওকে চায় শেখ রাসেল। ঢাকার ক্লাবটির কর্মকর্তা সালেহ জামান সেলিম বলেছেন, ‘দুই ফুটবলারের খেলা দেখে আমরা মুগ্ধ। প্লেমেকার তারা। আমরা বুরুন্ডির কর্মকর্তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করছি। যদি পাওয়া যায় লিগের মাঝখানে নেব। তবে মনে হয় না, কারণ ওরা মরক্কোতে লিগ খেলবে শুনছি।’  

শুধু শেখ রাসেলই নয়, ঢাকার একাধিক ফুটবল ক্লাব বুরুন্ডির ফুটবলারদের চায়। এরই মধ্যে ক্লাবগুলো কথা বলার চেষ্টা করছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বললেন, ‘বুরুন্ডির ফুটবলারদের ব্যাপারে ক্লাবগুলোর আগ্রহ আমাদেরও ভালো লেগেছে। ভালো মানের এমন সব খেলোয়াড় যদি ঢাকায় লিগে খেলতে আসে তাহলে দর্শকও মাঠে আসবে।’