২২ জানুয়ারি থেকে ঢাকায় ভারতীয় প্রকৌশল প্রদর্শনী

বৈশ্বিক সাপ্লাই চেইনে বাংলাদেশকে অংশীদার হিসেবে চায় ভারত

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশি অংশীদারদের সঙ্গে নিয়ে বৈশ্বিক সাপ্লাই চেইন গঠনের লক্ষ্যে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ২২-২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভারতীয় প্রকৌশল প্রদর্শনী ইন্ডি বাংলাদেশ ২০২০। ভারতের সংস্থা ইইপিসি ইন্ডিয়া কর্তৃক আয়োজিত প্রদর্শনীতে দেশটির ১২০টির অধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রদর্শনীটি আয়োজনে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ছাড়াও সহায়তা করছে এফবিসিসিআই, আইবিসিসিআই, বিইআইওএ এবং বিইএমএমএর মতো শীর্ষস্থানীয় বাংলাদেশি চেম্বার ও অ্যাসোসিয়েশন।

ইন্ডি বাংলাদেশ ২০২০ উপলক্ষ্যে গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইইপিসি ইন্ডিয়ার পরিচালক গুরভিন্দার সিং বাংলাদেশকে ভারতের অন্যতম ট্রেড-পার্টনার হিসেবে উল্লেখ করে জানান, ২০১৯ সালের হিসাব অনুযায়ী দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে এবং বাংলাদেশ থেকে ভারতে রপ্তানির পরিমাণ ছিল ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। তিনি আরো জানান যে, দ্বিতীয়বার বাংলাদেশে ইন্ডি আয়োজনের সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশটির উন্নয়নে ভারত সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ভারতীয় দূতাবাসের বাণিজ্যিক প্রতিনিধি প্রময়েশ বাসাল। 

আগামী ২২ জানুয়ারি বেলা ১১টায় আইসিসিবির ১ নম্বর হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশের শিল্পমন্ত্রী নূরুল মজিদ মামুন হুমায়ূন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ, ইইপিসি ইন্ডিয়ার চেয়ারম্যান রভি সেহগাল,       এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমসহ আরো অনেকে। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত ইন্ডি প্রদর্শনীতে শীর্ষস্থানীয় ভারতীয় সরকারি প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল করপোরেশন এবং ভারত আর্থ মোভার্সের মতো প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।