সজল দাশ
আসাদ তুমি কোথায় আছ
কোথায় মতিউর
চারিদিকে বাজছে দেখ
ভাঙা গানের সুর।
আকাশ ছিল বাতাস ছিল
ছিল নদীর ঢেউ
সূর্য রাঙা দিনের খবর
নেয় না এখন কেউ।
তোমরা কেন রক্ত দিলে
তোমরা কেন জান
চক্ষু বুজে ঘুমিয়ে আছ
করেই অভিমান?
চেয়েছিলে তোমরা বুঝি
এমনতর দেশ
তোমাদেরই স্বপ্ন-আশা
সব হয়েছে শেষ।
নতুন করে আবার জাগো
ধরো দেশের গান
ভাসিয়ে নেবে সব অনাচার
এসে ঝড়-তুফান।