উম্মে কুলসুমা রিপা
বাংলাদেশে ১০ থেকে ২৪ বছর বয়সি তরুণের সংখ্যা ৪ কোটি ৭৬ লাখ। মোট জনসংখ্যার ৩৩ শতাংশ তরুণ। সর্বশেষ জাতিসংঘের জনসংখ্যার প্রতিবেদন অনুযায়ী দেশের বর্তমান জনগোষ্ঠীর প্রায় ৩০ শতাংশ তরুণ। প্রতিবেদন তথ্য মতে, ২০৫০ সাল নাগাদ তরুণদের সংখ্যা ১০ থেকে ১৯ শতাংশে আসবে। তাই আজকের এ বিশাল কর্মক্ষম ও উদ্যমী তরুণ প্রজন্মের সামনে বিরাট সম্ভাবনা ও সুযোগের সৃষ্টি হয়েছে। এ সম্ভাবনাময় তরুণ জনশক্তিকে জনসম্পদে পরিণত করার এখনই উপযুক্ত সময়। দেশের উন্নয়নের অভিযাত্রায় এরাই অগ্রণী সৈনিকের ভূমিকা পালন করে যাচ্ছে। বিজ্ঞানের কল্যাণে পৃথিবী আজ হাতের মুঠোয়। বিজ্ঞানের এ জয়যাত্রার যুগে ইন্টারনেটে যে অবাধ তথ্যপ্রবাহের সুবর্ণ দ্বার উন্মোচিত হচ্ছে এর পূর্ণ সুযোগ গ্রহণ করছে এবং করবে বর্তমান তরুণ সমাজ। তারা তাদের জ্ঞানকে শানিত করে মেধা ও উদ্ভাবনী শক্তির স্ফুরণ ঘটিয়ে নতুন নতুন আবিষ্কারের দ্বারা দেশ মানবতার কল্যাণ সাধন করবে। সৃজনশীল কর্মকাণ্ডে তাদের ব্যাপক অংশগ্রহণের সুযোগকে অবারিত করে দিতে হবে। যেন তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার শক্তি ও সামর্থ্য অর্জন করতে পারে।
আমাদের দেশের তরুণরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যেমন নিজের কর্মসংস্থান সৃষ্টি করেছে। তেমনি এর মাধ্যমে দেশমাতৃকার সেবা করে চলেছে। বিষয়টি আগ্রহ সৃষ্টি করেছে এমন একটি সময়ে যখন বিশ্বে অনলাইনে শ্রমদাতা (আউটসোর্সিং) দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বলে জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও পাঠদান বিভাগ। বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের (ওআইআই) একটি সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের সমীক্ষায় বলা হয়েছে, ভারত অন্য সব দেশের চেয়ে এগিয়ে প্রথম স্থান অধিকার করেছে, দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।
তৃতীয় হয়েছে যুক্তরাষ্ট্র। অনলাইনে শ্রমদান বা অনলাইনে কাজের ক্ষেত্রে ভারত ২৪ শতাংশ অধিকার করেছে। এক্ষেত্রে বাংলাদেশ ১৬ শতাংশ ও যুক্তরাষ্ট্র ১২ শতাংশ অধিকার করেছে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, পাকিস্তান, ফিলিপাইন, যুক্তরাজ্য, কানাডা, জার্মান, রাশিয়া, ইতালি ও স্পেন বাংলাদেশের পেছনে অবস্থান করছে। এটি তরুণদের অর্জন আর আমাদের গর্বের বিষয়। তরুণরাই বাংলাদেশের শক্তি। তরুণরাই জাতির মেরুদণ্ড। এ মেরুদণ্ডকে শক্তিশালী করে গড়ে তোলার কাজে অভিভাবক-সমাজ এবং সর্বোপরি রাষ্ট্রকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সঠিক পরিচর্যা পেলে একদিন তরুণরাই তাদের মহত্ স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারবে।
n লেখক :শিক্ষার্থী, মহিপাল সরকারি কলেজ, ফেনী