ব্যক্তিকেন্দ্রিকতা থেকে তরুণদের বের হয়ে আসতে হবে

ঢাবি অ্যাকাউন্টিং উইকে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমান তরুণ প্রজন্মকে আত্মকেন্দ্রিকতা ও ব্যক্তিকেন্দ্রিকতা থেকে বের হয়ে সমাজ ও জাতিকেন্দ্রিক হতে হবে। তিনি বলেন, এবার করতে হবে সমাজ বদল। কায়েদ-এ-আযম মোহাম্মদ আলী জিন্নাহ প্রদর্শিত ব্যক্তিমালিকানার পথ পরিত্যাগ করে যেতে হবে সামাজিক উন্নতির দিকে। সকলের উন্নতির মধ্যে ব্যক্তিগত উন্নতি নিহিত, সকলের মুক্তির মধ্যে আমার মুক্তি নিহিত—দরকার এই বোধ। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সপ্তাহব্যাপী ‘অ্যাকাউন্টিং উইক-২০২০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রিয়াজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। স্বাগত বক্তব্য রাখেন আয়োজনের আহ্বায়ক এবং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি স্বদেশ রঞ্জন সাহা।

সপ্তাহব্যাপী এই আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, কবিতা আবৃত্তি, খেলাধুলা, নাচ-গান, বিজনেস প্ল্যান কম্পিটিশন, র্যাফেল ড্রসহ থাকবে নানা আয়োজন। উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এরপর বাণিজ্য অনুষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা। উইক উদ্যাপন শেষে আগামী ২৪ জানুয়ারি বিভাগের ৫০ বছর এবং ২৫ জানুয়ারি অ্যালামনাইয়ের ২৫ বছর পূর্তি অনুষ্ঠিত হবে। দুই দিনের এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন যথাক্রমে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বিভাগের ৫০ বছর পূর্তি উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।