মধুখালীতে বাসচাপায় স্কুলছাত্র নিহত

মধুখালীতে ট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো চার জনের মৃত্যু হয়। গত শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

মধুখালী (ফরিদপুর) : মধুখালীতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় বাইসাইকেল আরোহী স্কুলছাত্র ফাইম (১১) নিহত হয়েছে। সে উপজেলার মধ্য আড়পাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। ফাইমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক ও চালকের ফাঁসির দাবিতে প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখে। বাসচালককে কানাইপুর হাইওয়ে ফাঁড়িতে আটক করে রাখা হয়।

স্টাফ রিপোর্টার, রাজশাহী : পুঠিয়ায় গরুবাহী ভটভটির চাকায় পিষ্ট হয়ে মুনছের আলী (৬৫) নামে একজন নিহত হয়েছেন। মুনছের আলী উপজেলার বিড়লদহ পশ্চিম পাড়া গ্রামের। গতকাল উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের শিবপুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম : চট্টগ্রামে গতকাল পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন—আনোয়ারা উপজেলার বৈরাগী ইউনিয়নের মৃত বাদশা মিয়ার পুত্র আবদুস সাত্তার ও চন্দনাইশ উপজেলার শশীয়া গ্রামের মৃত কালী কুমার দের পুত্র যতীন্দ্র লাল দেয়। আবদুস সাত্তার মইজ্জারটেক এলাকায় বাসের ছাদ থেকে নিচে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের নিচে চাপা পড়ে। অন্যদিকে চন্দনাইশে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে যতীন্দ্রের মৃত্যু হয়।

কাহালু (বগুড়া) : কাহালুতে ট্রাকের চাপায় রুবেল (৩২) নামে এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। গতকাল বগুড়া-সান্তাহার সড়কের বীরকেদার ইউনিয়নের বারমাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুবেল জয়পুরহাট জেলার ক্ষেতলাল পৌর এলাকার রামপুরা গ্রামের।