চাঁদপুরের হাজীগঞ্জে দোকানের ভিতর থেকে স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ গাইনবাড়ির ফরিদ হোসেনের দোকান থেকে মারুফ হোসেন রিয়াদ (১৬) নামে নবম শ্রেণিতে পড়ুয়া ঐ ছাত্রের লাশ উদ্ধার হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ। তবে দোকানে থাকা কর্মচারী ফারুক হোসেন (২৮) পলাতক রয়েছে। নিহত রিয়াদ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ফারুক মিয়া বলেন, সপ্তাহখানেক আগে আমার নতুনবাড়িতে আগুন লাগিয়ে দেয় কে বা কারা। এবার আমার ছেলেকেও খুন করল। দোকানের মালিকের স্ত্রী শাহিদা বেগম বলেন, ফারুকের সাথে রিয়াদের আগে বন্ধুত্ব ছিল। সম্প্রতি একটু খারাপ সম্পর্ক দেখেছি। দোকানটি ফারুক পরিচালনা করত। প্রতিদিন বিকালেই দোকানটি বন্ধ করা হয়।
স্থানীয় কাউন্সিলর জাহেদুল আজহার আলম বেপারী বলেন, সকালে ফোনের মাধ্যমে জানতে পারি এ দোকানে একটি ছেলেকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। এখানে এসে জানতে পারি দোকানের মালিক ফরিদ দোকানের কর্মচারী ফারুককে ঘুম থেকে জাগাতে এসে দেখে বন্ধ। পরে তালা ভেঙে দেখে রিয়াদের লাশ। বিষয়টি জেনে আমি পুলিশ খবর দিয়েছি। হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, হত্যার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।