সিটি করপোরেশন মেয়র নির্বাচনে ঢাকা উত্তর ১৪ দলের সমন্বয়ক এবং জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বলেছেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচন কেবলমাত্র ঢাকা মহনগরীর জন্য নয়, জাতীয় প্রেক্ষাপটেও বিশেষ গুরুত্ববহ। কারণ ঢাকা মহানগরীতে দেশের প্রায় এক-অষ্টমাংশ মানুষের বাস। এই নির্বাচনে ‘নৌকা মার্কাকে’ জয়ী করে দেশের অগ্রগতির ধারাকে দ্রুততর করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। শেখ শহীদ আরো বলেন, আমাদের দেশের মুক্তিযু্দ্ধসহ সব সংগ্রামে ঢাকাবাসীর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য এবং তারাই ছিলেন সব সংগ্রামের কেন্দ্রবিন্দুতে, জাতির জনক বঙ্গবন্ধুকে তারা সবসময়ই অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন এবং আমরা আশা করব, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের আর্থসামাজিক উন্নয়নে তারা ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
মো. আতিকুল ইসলামকে একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করে শেখ শহীদ বলেন, তিনি নির্বাচিত হলে আমরা আগামীতে ঢাকা উত্তরের অধিবাসী একটি সুন্দর পরিচ্ছন্ন আবাসযোগ্য মহানগরী পাব। গতকাল রবিবার উত্তরা ৩ ও ৪ নম্বর সেক্টর, রাজলক্ষ্মী মার্কেটসহ বিভিন্ন স্থানে আতিকুল ইসলমের সমর্থনে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করার সময় নৌকা মার্কার সপক্ষে ব্যাপক সাড়া লক্ষ করা যায়। এ সময় শেখ শহীদুল ইসলামের সঙ্গে ছিলেন জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আলী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আহ্বায়ক রেজাউর রশিদ খান, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির নেতা জাহাঙ্গীর আলম প্রধান, স্থানীয় নাগরিক সালেহ উদ্দিন আহমেদ, মামুনুর রশিদসহ বিশিষ্ট নাগরিকেরা।—প্রেস বিজ্ঞপ্তি