‘কাবিং করবো, শান্তির বার্তা আনবো’ এই থিমকে সামনে রেখে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, কালিয়াকৈর, গাজীপুরে ১৯ থেকে ২৪ জানুয়ারি নবম জাতীয় কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত হচ্ছে। সোমবার বিকালে রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে ক্যাম্পুরি উদ্বোধন করবেন।
ক্যাম্পুরিতে অংশগ্রহণের জন্য দেশের সব জেলা থেকে ১৮ জানুয়ারি রাত থেকে (৬ থেকে ১০+বয়সি) কাব স্কাউটরা দলে দলে ক্যাম্পুরি ময়দানে এসে পৌঁছাচ্ছে। কোমলমতি কাব শিশুদের কলকাকলিতে ভরে উঠেছে ক্যাম্পুরি এলাকা। এই কাব স্কাউটরা দেশের বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন স্কুল, এবতেদায়ি মাদ্রাসা ও মুক্ত স্কাউট দলের কাব স্কাউট সদস্য। জেলা কন্টিনজেন্ট লিডারের নেতৃত্বে জেলাভিত্তিক কাব লিডারদের নিয়ে কাব স্কাউটরা ক্যাম্পুরি ময়দানে আসছে। ক্যাম্পুরি পরিচালনার জন্য প্রশিক্ষিত স্কাউট কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক রোভার স্কাউটরা ১৮ জানুয়ারি ক্যাম্পুরি ময়দানে পৌঁছেছে।
কাব ক্যাম্পুরি হচ্ছে কাব স্কাউটদের বৃহত্তম মিলনমেলা। প্রতি চার বছর অন্তর বাংলাদেশ স্কাউটস এই মিলনমেলার আয়োজন করে থাকে। কাব ক্যাম্পুরির চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মো. মোজাম্মেল হক খান, প্রধান জাতীয় কমিশনার, বাংলাদেশ স্কাউটস ও কমিশনার, দুর্নীতি দমন কমিশন। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মো. আবদুল হামিদ ২০১৮ সালে স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড’ এবং রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জনকারীদের মধ্যে অ্যাওয়ার্ড বিতরণ করবেন। রবিবার দুপুরে মৌচাকের মনযূর উল করীম অডিটোরিয়ামে ক্যাম্পুরির আয়োজন নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ক্যাম্পুরি আয়োজকদের পক্ষে সাংবাদিক সম্মেলনে ক্যাম্পুরি সম্পর্কিত তথ্য প্রদান করেন সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার, ডেপুটি ক্যাম্পুরি চিফ (প্রচার, প্রকাশনা ও ডকুমেন্টেশন) মু. তৌহিদুল ইসলাম, ডেপুটি ক্যাম্পুরি চিফ (মানবসম্পদ ব্যবস্থাপনা), কাজী নাজমুল হক, ডেপুটি ক্যাম্পুরি চিফ (খাদ্য ব্যবস্থাপনা), ফেরদৌস আহমেদ, ডেপুটি ক্যাম্পুরি চিফ (সাইট অপারেশন ব্যবস্থাপনা), মোহাম্মদ আতিকুজ্জামান রিপন, ডেপুটি ক্যাম্পুরি চিফ (প্রোগ্রাম) আরশাদুল মুকাদ্দিস, ক্যাম্পুরি সচিব আমিমুল এহসান খান পারভেজ, অ্যাসিস্ট্যান্ট ক্যাম্পুরি চিফ (আবাসন ও সাজসজ্জা) সালাহউদদীন আহমেদ ও মীর মোহাম্মদ ফারুক।