বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে চীন। মিয়ানমারে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেওয়া যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
যৌথ বিবৃতিতে চীন বলেছে, রাখাইন রাজ্যে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে যে প্রচেষ্টা মিয়ানমার চালিয়ে যাচ্ছে চীন তাকে সমর্থন করে। দুই দিনের রাষ্ট্রীয় সফরে মিয়ানমারে গিয়ে শি জিনপিং ও অং সান সু চি চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অংশ হিসেবে ৩৩টি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছেন। রাখাইনে একটি গভীর সমুদ্রবন্দর তৈরির কাজ এগিয়ে নিতেও সম্মত হয়েছে দুই দেশ। ঐ বিবৃতিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী শনাক্ত হওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।