সৌদি আরব থেকে এক দিনেই দেশে ফিরলেন ২২৪ বাংলাদেশি

সৌদি আরব থেকে বাংলাদেশি কর্মীদের জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। গত শনিবার সৌদি এয়ার লাইন্সযোগে দেশে ফিরেছেন আরো ২২৪ জন বাংলাদেশি কর্মী।  এ নিয়ে চলতি বছরের প্রথম ১৮ দিনে ১ হাজার ৮৩৪ জন বাংলাদেশি সৌদি আরব থেকে ফিরলেন। প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় বরাবরের মতো এদিনও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর পক্ষ থেকে ফেরত আসা বাংলাদেশিদের জরুরি সহায়তা প্রদান করা হয়।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান জানান, দেশে ফেরত আসা কর্মীরা বরাবরের মতো  অভিযোগ করেছেন, তাদের প্রত্যেককে নানা স্বপ্ন দেখিয়েছিল দালাল ও রিক্রুটিং এজেন্সি। কিন্তু সৌদি আরবে গিয়ে নানা সমস্যায় পড়েন তারা। অনেকে বেতন পাননি। অনেকে সৌদি আরবে যাওয়ার কয়েক মাসের মধ্যে  ফেরত এসেছেন। তারা সবাই ভবিষ্যত্ নিয়ে এখন দুশ্চিন্তায়। তিনি জানান, ২০১৯ সালে ২৫ হাজার ৭৮৯ বাংলাদেশিকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়। প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী ২০১৯ সালে মালয়েশিয়া, মালদ্বীপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মোট ৬৪ হাজার ৬৩৮ কর্মী শূন্য হাতে দেশে ফিরেছেন। শরিফুল হাসান বলেন, ফেরত আসা মানুষের পাশে সবার দাঁড়ানো উচিত। পাশাপাশি এভাবে যেন কাউকে শূন্য হাতে ফিরতে না হয় সেজন্য রিক্রুটিং এজেন্সিকে দায়িত্ব নিতে হবে। দূতাবাস ও সরকারকেও বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। বিশেষ করে ফ্রি ভিসার নামে প্রতারণা বন্ধ করা উচিত।