‘কোনো সরকারি কর্মকর্তাকে দেড়শ দিনের বেশি ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) নয়’—হাইকোর্টের এমন রায় আট সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল রবিবার এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
গত ৮ জানুয়ারি ১৫০ দিনের বেশি কাউকে ওএসডি করে রাখা যাবে না মর্মে রায় দেয় হাইকোর্ট। একই সঙ্গে যেসব সরকারি কর্মকর্তাকে এই সময়ের বেশি ওএসডি করে রাখা হয়েছে, তাদের পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করতে জনপ্রশাসন সচিবকে নির্দেশ দেয় আদালত। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ রায় দেয়। এ রায় স্থগিত চেয়ে রবিবার আবেদন করে রাষ্ট্রপক্ষ।