অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছিল ভারত। পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াল তারা। গতকাল সিরিজের শেষ ম্যাচে ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। সেই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বিরাট কোহলির দল।
আগে ব্যাট করা অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৮৬ রান করেছিল। ইনফর্ম দুই ওপেনার তেমন কিছু করতে পারেননি। মিডল অর্ডারে মার্নাস লাবুশেনকে নিয়ে দারুণ পালটা লড়াই করেন স্টিভেন স্মিথ। লাবুশেন ৫৪ রান করেন। আর স্মিথ ১৩২ বলে ১৩১ রান করেন। মোহাম্মদ শামি ৬৩ রানে ৪ উইকেট নেন।
জবাব দিতে ওপেনার লোকেশ রাহুল ১৯ রান করে ফিরে আসেন। এরপর দলকে সহজ জয়ের পথে নিয়ে যান রোহিত শর্মা ও বিরাট কোহলি। কোহলি ৯১ বলে ৮৯ রানের ইনিংস খেলেন। আর রোহিত ১২৮ বলে ১১৯ রান করেন। শেষে শ্রেয়াশ আয়ার ৩৫ বলে ৪৪ রান করেন।