পুঁজিবাজারে স্থিতিশীলতা এবং তারল্য সংকট কাটাতে ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। যা চলতি সপ্তাহেই বাস্তবায়ন করা হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। গতকাল রবিবার বর্তমান পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠকে এ আশ্বাস দেন গভর্নর ফজলে কবির।
বৈঠকের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, বর্তমান পুঁজিবাজার পরিস্থিতি বিএমবিএর সঙ্গে আলোচনা হয়েছে। সভায় পুঁজিবাজারের বিস্তারিত আলোচনার পাশাপাশি বিএমবিএর প্রস্তাবিত বিশেষ তহবিল নিয়ে আলোচনা হয়। গভর্নর তাদের আশ্বস্ত করেছেন। এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে এবং পুঁজিবাজারের বিষয়ে দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর শিগগিরই বিস্তারিত ইতিবাচক সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ ব্যাংক। বিএমবিএ সভাপতি ও ইবিএল ইনভেস্টমেন্টের পরিচালক ছায়েদুর রহমান বলেন, পুঁজিবাজারে তহবিল সহযোগিতা দেওয়ার বিষয়ে কাজ করছে বলে জানিয়েছেন গভর্নর।
এর আগে পুঁজিবাজারে তারল্য সংকট কাটাতে ১০ হাজার কোটি টাকার একটি তহবিল চেয়ে প্রস্তাব দেয় বিএমবিএ। তবে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমান তারল্য সংকট কাটাতে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে, এটা কোন মাধ্যমে দেওয়া হবে তা প্রক্রিয়াধীন রয়েছে।