রোনালদোর জোড়া গোলে তালিকার শীর্ষে জুভেন্টাস

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে সেরি এ লিগে টানা চতুর্থ জয় পেলো জুভেন্টাস। তুরিনে নিজেদের ঘরের মাঠে রবিবার পার্মার বিপক্ষে ২-১ গোলে জিতে জুভেন্টাস।ম্যাচের শুরুতে খুব একটা সুবিধা করতে না পারলেও ২৫ মিনিটের মাথায় নিশ্চিত গোল রুখে দেন সফরকারীদের গোলরক্ষক। তবে প্রথমার্ধের ৪৩ মিনিটের মাথায় অপেক্ষার পালা শেষ হয় স্বাগতিকদের। বাতসুয়াই মাতুইদির বাড়ানো বলে রোনালদো শট নিলে প্রতিপক্ষের খেলোয়াড়ের গাঁয়ে লেগে বল গোল পোস্টের জাল স্পর্শ করে। 

তবে স্বাগতিকদের এই আনন্দ বেশি সময় লম্বা হতে দেয়নি পার্মা। বিরতির ঠিক আগ মুহূর্তে পার্মার বদলি নামা আন্দ্রেয়াস হেড করে বল জুভেন্টাসের জালে জড়ান। তবে ৫৮ মিনিটের মাথায় দিবালার বাড়ানো বল নিচু শটে গোল করে দলকে এগিয়ে নেন সিআর সেভেন। 

এই নিয়ে টানা আট ম্যাচেই গোলের দেখা পাচ্ছেন পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার। আর এই আসরে তার মোট গোলের সংখ্যা ১৬টি। শেষ দিকে আক্রমণ করতে থাকা পার্মাকে আটকে দেন জুভেন্টাসের গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। ফলে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস।  ২০ ম্যাচে ১৬ জয় আর ৩ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে জুভেন্টাস। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার মিলান।  

ইত্তেফাক/এসআই