ঘোড়াঘাটে মুখ থুবড়ে পড়ে আছে কোটি টাকার বিভিন্ন প্রকল্প

চলতি অর্থ বছরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের মাধ্যমে ৬১ মেট্রিক টন খাদ্যশস্য ও ২ কোটি ৭০ লাখ টাকার বিভিন্ন প্রকল্পের কাজ মুখ থুবড়ে পড়ে আছে।
 
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), ব্রিজ নির্মাণ, হেরিংবন্ড রাস্তা নির্মাণ, দুর্যোগ সহনীয় গৃহনির্মাণ ও সোলার স্থাপন প্রকল্পের কাজ। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রেফাউল আজম জানান, কাজের বিনিময়ে খাদ্যের (কাবিখা) আওতায় ৬১ মেট্রিক টন খাদ্যশস্যের বিপরীতে ৫টি প্রকল্প, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের (টিআর) আওতায় ১৬ লাখ ৯১ হাজার ৪৯১ টাকার বিপরীতে ২৭টি প্রকল্প, প্রায় দুই কোটি টাকার বিপরীতে ৬টি সেতু-কালভার্ট ও সোলার স্থাপন, এক কোটি ৫৬ লাখর টাকার বিপরীতে হেরিংবন্ড রাস্তা নির্মাণে ৩টি প্রকল্প ও দুর্যোগ সহনীয় গৃহনির্মাণ টিআর ও কাবিখা আওতায় ৪১টি গৃহনির্মাণের প্রকল্প রয়েছে।

আরও পড়ুন: ঢাবিতে যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতি, ব্যবস্থা নেয়নি প্রশাসন

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের দাখিলকৃত প্রকল্পগুলো ডিসেম্বর মাসে পাস হয়ে এসেছে। কিন্তু ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজ পত্রাদি অফিসে দাখিল না করায় প্রকল্পের বিপরীতে অর্থ বা খাদ্যশস্য ছাড় দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে ইরি-বোরো চাষ প্রায় শুরু হয়ে গেছে। প্রকল্পের কাজগুলো ইতিমধ্যে শুরু না হওয়ায় টিআর কাবিখার অর্থ ও খাদ্যের কাজে মাটি পাওয়া কঠিন হয়ে যাবে। ফলে এ সমস্ত কাজগুলো বাস্তবায়নে বাহির থেকে মাটি সংগ্রহ করতে প্রকল্প চেয়ারম্যানদের নানা অনিয়মের অভিযোগ আসতে পারে। 

ইত্তেফাক/এসি