মুজিববর্ষ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি এএফএম আজিজুল ইসলাম পিকুলকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার রাত রাত ৯ টার দিকে পৌর শহরের চারিআনিপাড়া এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নান্দাইল থানার ওসি মুনসুর আহম্মেদ।
এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে আজ সোমবার সকালে তাকে ময়মনসিংহ জেলহাজতে পাঠানো হয়েছে।
আরো পড়ুন: জিয়াউর রহমানের জন্মদিনে নিউইয়র্কে আলোচনা সভা
জানা যায়, আজিজুল ইসলাম পিকুল তার নিজের ফেসবুক আইডিতে মুজিববর্ষ নিয়ে ও প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে আপত্তিকর পোস্ট দেওয়ার পর স্থানীয় ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীদের দৃষ্টিগোচর হয় বিষয়টি। তারা বিষয়টি থানার ওসিকে অবহিত করে অভিযুক্তকে গ্রেফতারের দাবি তোলেন। এরপর রবিবার রাতে পুলিশ তাকে পৌর শহরের বাসা থেকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগ নেতা তৌফিকুল ইসলাম মামুন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা (নং ৩৪ (১)/২০২০) দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা সংস্থা বরাবর ন্যস্ত করা হয়েছে বলে থানার একটি সূত্র জানায়। থানা পুলিশ ওই মামলায় আজিজুল ইসলাম পিকুলকে আসামি দেখিয়ে জেলহাজতে প্রেরণ করে।
ইত্তেফাক/এএএম