বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস) এর স্প্রিং-২০২০ সেশনের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ইব্রাহিম মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের ডিপ্লোম্যাটিক এডিটর ও জাতীয় প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মাঈনুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন-বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও বিইউএইচএস ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ খান। বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন প্রোগ্রামে ৩০০ ছাত্র-ছাত্রী স্প্রিং-২০২০ সেশনে ভর্তি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মাঈনুল আলম বলেন, ‘অধ্যাপক ডা. ইব্রাহিম যেমন তার মেধা ও আমৃত্যু নিরলস শ্রমের মধ্য দিয়ে দেশব্যাপী ডায়াবেটিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে বিশ্বব্যাপী দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। তার উত্তরসূরীরা তার আদর্শকে ধারণ করে মানসম্মত স্বাস্থ্য-শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে বিইউএইএচএসকে শীঘ্রই আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাবে।’ তিনি ছাত্র-ছাত্রীদের জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে আলোকিত মানুষ হওয়ার জন্যও আহ্বান জানান।
মো. ফরহাদ হেসেন বলেন, ‘দেশে এখন প্রয়োজন স্বাস্থ্যখাতে দক্ষ মানবসম্পদ, এই বিশ্ববিদ্যালয় যুগোপযোগী শিক্ষা প্রদান ও গবেষণা বিকাশের মাধ্যমে মানব সম্পদ তৈরিতে অবদান রাখবে।’
আরো পড়ুন: ২০৩১ সালে শেষ হচ্ছে গ্যাসের মজুত
অধ্যাপক এ কে আজাদ খান বলেন, ‘দেশ-বিদেশের চাহিদার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি স্বাস্থ্যখাতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছে, যা অদূর ভবিষ্যতে বিশ্বের সামনের সারির বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নেবে।’
সভাপতির বক্তৃতায়, অধ্যাপক ডা. ফরিদুল আলম নতুন ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান এবং তাদেরকে কঠোর অনুশীলনের মাধ্যমে শিক্ষা লাভ করে ভবিষ্যতে দেশের স্বাস্থ্য-খাতে অবদান রাখার জন্য আহবান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক (ডা.) শেখ আকতার আহমদ, বেসিক সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ডা. বেগম রোকেয়া, পাবলিক হেলথ অনুষদের ডীন অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও এ্যালায়েড হেলথ সায়েন্সেস অনুষদের ডীন ড. শারমিন পারভীন বক্তব্য রাখেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএএম