আন্তর্জাতিক বাংলা-ভাষা সংস্কৃতি সমিতির প্রথম সভা অনুষ্ঠিত

রাজধানীতে আন্তর্জাতিক বাংলা-ভাষা সংস্কৃতি সমিতির বাংলাদেশ শাখার প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) পশ্চিম পান্থপথের লাজ কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী বাংলা ভাষাকে রক্ষার জন্য দিল্লিভিত্তিক সংগঠন  আন্তর্জাতিক বাংলা-ভাষা সংস্কৃতি সমিতি। গত বছরের নভেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত ৪র্থ সম্মেলনে সমিতির বাংলাদেশ শাখা গঠন করা হয়। 

সংগঠনের বাংলাদেশ শাখার সভাপতি কবি ও তথ্যচিত্র নির্মাতা মাসুদ করিম সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে আগামী ১৭ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ৫ম সম্মেলনের ব্যাপারে কর্ম পরিকল্পনা তুলে ধরেন। 

আরো পড়ুন: ২০৩১ সালে শেষ হচ্ছে গ্যাসের মজুত

সাধারণ সম্পাদক কবি নাসির আহমেদ অমর একুশে উপলক্ষে ভাষা ও ভাষা শহীদদের নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশের ব্যাপারে আলোকপাত করেন। তিনি বাংলা ভাষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে এখনই সবাইকে সজাগ হওয়ার তাগিদ দেন। 

এ সময় সিনিয়র সহ-সভাপতি আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষাকে আরো মর্যাদার জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। 

ইত্তেফাক/এএএম