ইংলিশদের বড়ো জয়

জয়ের মঞ্চটা প্রস্তুত হয়েই ছিল। পঞ্চম দিন সেই মঞ্চে কোনো ভুল করেনি ইংল্যান্ড দল। সেন্ট জর্জেস পার্কে গতকাল সোমবার ইনিংস ও ৫৩ রানে জিতেছে জো রুটের দল।

দেশের বাইরে ২০১১ সালের পর এই প্রথম ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড। চার ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ২-১ ব্যবধানে।

সফরকারীদের আবার ব্যাটিংয়ে পাঠাতে পঞ্চম ও শেষ দিনে আরো ১৮৮ রান করতে হতো দক্ষিণ আফ্রিকাকে। সেই সুযোগ দেননি ইংলিশ বোলাররা। একমাত্র বাধা হয়ে ছিল কেশব মহারাজ।

১০৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৭১ রান করে ফেরেন মহারাজ। ২৩৭ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। আগামী শুক্রবার জোহানেসবার্গে শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল।