চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের এমপি নিক্সন চৌধুরীর সহায়তা প্রদান

চরভদ্রাসন সদর কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সমবেদনা জানান তিনি। পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানার হাতে ১ লাখ টাকার নগদ অর্থ তুলে দেন নিক্সন চৌধুরী। উল্লেখ্য, সদর বাজারে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে আগুনে পুড়ে সাত ব্যবসায়ীর প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতি হয়।

একই দিন তিনি উপজেলার গাজিরটেক ইউনিয়নের চরনটাখোলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় এমপির নিকট ঐ বিদ্যালয়ের জন্য নতুন একটি একাডেমিক ভবনের দাবি জানানো হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবির পরিপ্রেক্ষিতে খুব শিগিগর নতুন একটি একাডেমিক ভবন করে দেওয়ার আশ্বাস দেওয়ার পাশাপাশি আসন্ন চরভদ্রাসন উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার মনোনীত মো. আনোয়ার আলী মোল্লার জন্য ভোট প্রার্থনা করেন এমপি নিক্সন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্লা, থানা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক মাস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্লা, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাত্ হোসেন, মো. রাসেল জামান প্রমুখ।