পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স

কাজে আসছে না এক্সরে মেশিন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিনের ফিল্ম না থাকায় দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে মেশিনটি। প্রায় ২২ লক্ষ টাকা দামের মেশিনটি কিছুদিন পূর্বে সচল থাকলেও দেড় মাস থেকে ফিল্ম না থাকায় অচল হয়ে পড়ে আছে। ফলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা পড়েছে দুর্ভোগে।

সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, এক্সরে করতে না পেরে রোগীরা স্থানীয় ডায়াগনোস্টিক সেন্টারে গিয়ে এক্সরে করতে বাধ্য হচ্ছে। এতে ভোগান্তির সঙ্গে সঙ্গে খরচ হচ্ছে অতিরিক্ত অর্থ। পাটগ্রাম পৌরসভার বাসিন্দা আমিনুর রহমান, ফাতেমা বেগম, আশরাফুল ইসলাম জানান, এক্সরে করতে এসে শুনলাম ফিল্ম নাই। এক্সরে হবে না। সরকার এত টাকার মেশিন দিয়েছে। অথচ ফিল্ম না থাকার কারণে আমরা সেবা থেকে বঞ্চিত। এক্সরে মেশিনের অপারেটর আবুল কালাম আজাদ বলেন, ফিল্ম সংকটের কারণে এক্সরে কার্যক্রম বন্ধ রয়েছে। জেলা সিভিল সার্জনের মাধ্যমে চাহিদা পাঠানো হয়েছে। ফিল্ম বরাদ্দ আসলে কার্যক্রম চালু হবে। পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নুর আরেফিন প্রধান কল্লোল ফিল্ম না থাকায় এক্সরে বন্ধ রয়েছে স্বীকার করে বলেন, রোগীদের সাময়িক সমস্যা হচ্ছে ফিল্ম আসলে এক্সরে করা হবে।