শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারের মতো গতকাল সোমবারও উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেনও। তবে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৩৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহসূচক ১৭, ডিএসই-৩০ সূচক ২৮ এবং নতুন চালু হওয়া সিডিএসইটি সূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৫, ১ হাজার ৫১৫ ও ৯০৯ পয়েন্টে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৮৩ কোটি ৪৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৪১১ কোটি ৩৬ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৯টির বা ৪২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৬১টির বা ৪৫ শতাংশের এবং ৪৪টি বা ১৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের শেয়ার। এদিন কোম্পানিটির ২৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা এস এস স্টিলের ২৩ কোটি ৮৪ লাখ টাকার এবং ২৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে লাফার্জহোলসিম।

ডিএসইর টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, বিকন ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, খুলনা পাওয়ার, এডিএন টেলিকম এবং ন্যাশনাল ব্যাংক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গতকাল ১৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৭০ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৩টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির দর। গতকাল সিএসইতে ৭৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।