মোংলায় অস্ত্র ঠেকিয়ে শিপিং ব্যবসায়ীকে ভয়ভীতি ও জীবননাশের হুমকি

মোংলা শহরে প্রকাশ্য দিবালোকে অস্ত্র ঠেকিয়ে এক শিপিং ব্যবসায়ীকে ভয়ভীতি ও জীবননাশের হুমকি প্রদর্শনের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এরই মধ্যে ঘটনাটি খতিয়ে দেখতে শুরু করেছে।

প্রত্যক্ষদর্শী ও একাধিক সূত্রে জানা যায়, সি লিংক ইন্টারন্যাশনাল নামক একটি শিপিং প্রতিষ্ঠানের মালিক মো. ইউছুপ আলী রবিবার সকাল ৯টার দিকে শহরের রিজেকশন গলিতে তার অফিসের পাশের একটি চায়ের দোকানে বসা অবস্থায় জনৈক সেলিমের নেতৃত্বে একদল চিহ্নিত চোরাকারবারি তাকে ঘিরে ফেলে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই সেলিম তার মাথায় পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি ও জীবননাশের হুমকি প্রদর্শনসহ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে এ চক্র ইউছুপ আলীকে এবিষয়ে বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়ে চলে যায়। জানা গেছে, মোংলা বন্দরে আগত বিদেশি জাহাজ কেন্দ্রিক গড়ে ওঠা চোরাচালান সিন্ডিকেটের স্বার্থে আঘাত লাগায় তারা এই ঘটনা ঘটিয়েছে। যদিও ব্যবসায়ী ইউছুপ আলী এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি।

এদিকে ঘটনাটি শহরে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনাসহ অজানা আতঙ্ক বিরাজ করছে। প্রকাশ্য দিবালোকে এভাবে একজন শিপিং ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি ও জীবননাশের হুমকির ঘটনাটি খতিয়ে দেখতে মাঠে নেমেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। প্রদর্শিত অস্ত্রটির উত্স নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। বিভিন্ন সূত্র বলছে, অস্ত্রটি অবৈধ এবং চোরাকারবারি চক্রটি তাদের প্রভাব বিস্তারের জন্য ঘটনাটি ঘটিয়েছে।