চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ শপথ নিয়েছেন। সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল সোমবার তার কার্যালয়ে মোছলেমকে শপথ পাঠ করান। চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ মাহবুব আরা বেগম গিনি, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি, ওয়াসিকা আয়শা খান এমপি, খালেদা খানম এমপি এবং চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাসির উদ্দীন শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।