সড়ক দুর্ঘটনায় নিহত তিন

সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। গত রবিবার ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

কালাই (জয়পুরহাট): কালাইয়ে হানিফ পরিবহনের একটি বাস উলটে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল কালাই পৌরসভার সহড়াইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ যাত্রী। আহতদেরকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুত্বর বলে জানা গেছে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ): আড়াইহাজারে রাস্তা পারাপারের সময় অটোরিকসার ধাক্কায় আবেদীন (৬০) নামে এক ইটভাঙ্গার শ্রমিক নিহত হয়েছেন। গতকাল উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বারাই নামক স্থানে গতকাল ট্রাকের চাপায় জাহাঙ্গীর আলম (৩৬) নামে এক রিকশাভ্যান চালকের মৃত্যু হয়েছে। জাহাঙ্গীর পার্বতীপুরের হাবড়া আরজি দেবীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।