টেকনাফে আত্মসমর্পণকারী ১০১ ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে চার্জশিট

কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণ করা ১০২ জন ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় ১০১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে কক্সবাজারের ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালতে পুলিশ এই চার্জশিট জমা দেয় বলে জানিয়েছেন কক্সবাজার আদালত পুলিশের ওসি মাহবুবর রহমান।

কারাগারে অসুস্থ হয়ে একজনের মৃত্যু হওয়ায় তার নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এ বি এম এস দোহা জানান, গত বছরের ১৬ ফেব্রুয়ারি ১০২ জন ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেছিল। কারা হাজতে থাকাকালীন টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার ফজল আহমদের ছেলে মোহাম্মদ রাসেলের মৃত্যু হওয়ায় তাকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে।

আইও আরো জানান, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬/১-এর (১০) ধারায় এবং অস্ত্র আইনে পরস্পর যোগসাজশ করে নিজ নিজ দায়িত্বে অবৈধভাবে ইয়াবা ও অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। ওসি জানান, গত বছরের ফেব্রুয়ারিতে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি ড. জাবেদ পাটোয়ারীর উপস্থিতিতে কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ১০২ জন তালিকাভুক্ত ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেন। এদের মধ্যে আওয়ামী লীগের সাবেক এমপি আবদুর রহমান বদির আপন চার ভাইসহ ঘনিষ্ঠ আট আত্মীয় ছিলেন। ওই দিনই দুটি মামলায় আটক দেখিয়ে আত্মসমর্পণকারীদের কক্সবাজার কারাগারে পাঠানো হয়।