চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের কর্মী সমাবেশের মঞ্চ ভেঙে এমপি, উপজেলা চেয়ারম্যানসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার ফৌজদারহাট কে.এম হাই স্কুলে এ ঘটনা ঘটে। মঞ্চে নেতাকর্মীদের উপছে পড়া ভিড়ের কারণে এ ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।
শুক্রবার সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন আ. লীগের উদ্যোগে স্থানীয় কে. এম হাইস্কুল মাঠে নৌকার প্রচারণায় এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রার্থী স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আল মামুন। বিকাল সাড়ে ৩টায় এ সমাবেশ শুরু হয়।
আরো পড়ুন : ফেসবুকে প্রেম বড় বালাই, ৬ বছর জেলে কাটিয়ে বুঝলেন যুবক
সলিমপুর ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক ফজলে করিম নিউটনের সঞ্চালনায় ও সভাপতি মো. গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠান চলছিল। বিকাল প্রায় ৫টার দিকে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ম ম দিলশাদ যখন বিশেষ অতিথির বক্তব্য রাখছিলেন ঠিক তখনই মঞ্চটি ভেঙে পড়ে যায়। এতে কমবেশি আহত হন প্রধান অতিথি এমপি দিদারুল আলম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এস.এম আল মামুন, দিলশাদসহ অন্তত ১০ জন। পরে এমপি ও উপজেলা চেয়ারম্যান স্কুলের শহীদ মিনারে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।
ইত্তেফাক/ইউবি