থানা হেফাজতে এফডিসি কর্মকর্তার মৃত্যু

বিক্ষোভে উত্তাল এফডিসি ওসির শাস্তি দাবি

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাবুর থানা হেফাজতে মৃত্যুর ঘটনায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শাস্তির দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ করেছেন বিএফডিসির কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সকাল ১০টায় কর্মকর্তা-কর্মচারীরা এফডিসির মূল ফটকের সামনের সড়ক অবরোধ করে রাখেন। এরপর বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় তারা তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসির ফাঁসির দাবিতেও বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীদের অবরোধের কারণে প্রায় ঘণ্টাখানেক হাতিরঝিল থেকে কাওরান বাজার সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। মারা যাওয়া আবু বকর সিদ্দিক বাবু ঢাকা সিটি নির্বাচনের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের চিঠি পেয়েছিলেন।

এদিকে গ্রেফতার হওয়া আসামির থানা হেফাজতে আত্মহত্যার দায় পুলিশ এড়াতে পারে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে গতকাল বিকালে ময়নাতদন্তকারী চিকিত্সক ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, তারা আবু বকরের শরীরে বিভিন্ন আঘাত ও দাগের চিহ্ন পেয়েছেন। এমনকি তার মাথায় এবং পায়ে দাগ পেয়েছেন। সবগুলো দাগের চিহ্ন পর্যালোচনা করে দেখবেন সেগুলো ফাঁসির কি না। ভিসেরা রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

এফডিসির সামনে বিক্ষুব্ধ সহকর্মীরা জানান, বিএফডিসির ফ্লোর ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন আবু বকর সিদ্দিক। শনিবার সন্ধ্যায় অফিস শেষে বাসায় ফেরার পথে পুলিশ তাকে আটক করে। রোকসানা আক্তার মায়া নামে এক নারী তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সেখানে উপস্থিত এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, আমরা আমাদের সহকর্মীর রহস্যময় মৃত্যুর সুষ্ঠু তদন্ত চাই। সেই দাবিতেই আমরা সবাই এক হয়েছি। বিএফডিসির কর্মচারী ইউনিটের সাংগঠনিক সম্পাদক ফিরোজা বেগম বলেন, কেন আবু বকরকে থানা হেফাজতে মরতে হলো?         আমরা দোষীদের শাস্তি চাই। আমাদের কাছে মনে হচ্ছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।

বিক্ষোভ শেষে এফডিসির জহির রায়হান কালার ল্যাবের প্রজেকশন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে এফডিসির ভারপ্রাপ্ত এমডি নুজহাত ইয়াসমিনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এ সময় এফডিসির ভারপ্রাপ্ত এমডি সবাইকে শান্ত থাকতে বলেন। তিনি বলেন, এটা একটা সেনসিটিভ ইস্যু। আমাদের সহকর্মীর মৃত্যুতে আমরা সবাই শোকাহত, বাকরুদ্ধ। তবে আমাদের বুদ্ধি জাগ্রত রাখতে হবে। এটাকে মোকাবিলা করতে হবে। আমরা অপেক্ষা করছি ময়নাতদন্তের রিপোর্টের জন্য।

এদিকে এফডিসিতে নিরাপত্তা বজায় রাখতে পুলিশি পাহারা বসানো হয়েছে। রবিবার ভোরে শিল্পাঞ্চল থানা হাজতখানা থেকে আবু বক্কর সিদ্দিক বাবুর (৪৫) লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। থানা পুলিশের দাবি, ধর্ষণ ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে তেজগাঁও সাতরাস্তা থেকে গ্রেফতার করেছিল এসআই জুয়েল। হাজতখানায় গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের অভিযোগ, থানায় নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে।

গতকাল সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানাতে যান। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পুলিশ হেফাজতে আসামির আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। কমিটির প্রতিবেদনে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।