রংপুরে আপন বড়ো ভাই-ভাবি ও ভাতিজার হাতে শামিম হোসেন (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত ৯টার দিকে মহানগরীর দেওডোবা এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, শামিম হোসেনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে সে তার ভাতিজাকে থাপ্পড় দেয়। এ ঘটনার প্রেক্ষিতে ঐ দিন রাতে শামিমের বড়ো ভাই জামিল হোসেন ও ভাবি আনোয়ারা বেগম তার পথ রোধ করে এবং ভাতিজা আতিকুর রহমান হাতুড়ি দিয়ে শামিম হোসেনের কপালে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর বড়ো ভাই পালিয়ে গেলেও ভাবি আনোয়ারা বেগম এবং ভাতিজা আতিকুর রহমানকে আটক করে পুলিশ।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওছার জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে আটক করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।