আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আগুন পোহাতে গিয়ে  আসমতি বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার রওশন আলীর স্ত্রী।

বৃদ্ধার ছেলে জয়নাল আবেদিন জানান, সকালে প্রচণ্ড কনকনে ঠান্ডা নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন মা। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে ফিরিয়ে দেন। শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যাওয়ার কারণে তিনি ঢাকাতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে বাড়িতে নিয়ে আসার সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এর আগে গত ডিসেম্বর মাসে ঠাকুরগাঁওয়ে কনকনে ঠান্ডায় আগুন পোহাতে গিয়ে আলেমা বেগম ও রমিজা বেওয়া নামে দুই নারীর মৃত্যু হয়। নিহত দুই নারীর বাড়ি জেলার পীরগঞ্জ উপজেলায়।

ইত্তেফাক/এমআর