স্কাউটিং পারে ভবিষ্যত্ প্রজন্মকে সৃজনশীল হিসেবে গড়ে তুলতে

রাষ্ট্রপতি ও চিফ স্কাউট  মো. আবদুল হামিদ বলেছেন, ‘স্কাউটিং একজন শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হাতে-কলমে শিক্ষা দেয়। স্কাউটিংকে দেশসেবা ও মানবিক কল্যাণে কাজে লাগাতে হবে। স্কাউটিংয়ের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে প্রতিফলিত করা গেলে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে। জীবনে বড়ো হতে হলে কঠোর পরিশ্রম আর অনুশীলনের বিকল্প নেই। আমি আশা করি নবম জাতীয় কাব ক্যাম্পুরিতে অংশগ্রহণকারী স্কাউটরা নিজেদের উন্নয়নের পাশাপাশি পরোপকারী ও স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলবে। তাহলেই তোমরা সমাজের কাছ থেকে আরো ভালোবাসা পাবে এবং অন্যরা তোমাদের অনুসরণ করে স্কাউটিংয়ে উত্সাহিত হবে।’

গতকাল সোমবার বিকেলে গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণকেন্দে  বাংলাদেশ স্কাউটস আয়োজিত নবম জাতীয় কাব ক্যাম্পুরি-২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি। তিনি আরো বলেন, ‘রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি ছিল আমাদের স্বাধীনতার লক্ষ্য। জাতির পিতা সেই লক্ষ্য সামনে রেখে যুদ্ধবিদ্ধস্ত দেশের অর্থনীতি ও অবকাঠামো পুনর্গঠনের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির সংগ্রাম শুরু করেছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাসহ তার পরিবারের আপনজনদের নৃশংস হত্যাকাণ্ডের কারণে দেশে গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রা থমকে দাঁড়ায়। উত্থান ঘটে স্বৈরশাসন ও অগণতান্ত্রিক সরকারের। দেশে আজ মুক্তিযুদ্ধের পতাকাবাহী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে পরিপূর্ণতাদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভিশন-২০২১ ভিশন-২০৪১ এবং শতবর্ষ মেয়াদি বদ্বীপ পরিকল্পনা ২০২১ গ্রহণ করেছেন।’

তিনি আরো বলেন, ‘জাতিসংঘ টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ অর্জনসহ ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করা এসব মহাপরিকল্পনার উদ্দেশ্য। তবে উন্নয়নকে এগিয়ে নিতে জনগণকে ইতিবাচক, আধুনিক ও বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি নিয়ে এ অগ্রযাত্রায় শামিল হতে হবে। স্কাউটিং কার্যক্রম পারে ভবিষ্যত্ প্রজন্মকে আধুনিক, প্রগতিশীল, সৃজনশীল হিসেবে গড়ে তুলতে এবং সমাজকে এগিয়ে নিতে। রাষ্ট্রপতি আরো বলেন, বন্যা, ঘূর্ণিঝড়, ভবনধস ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজে তথা জাতীয় দুর্যোগে স্কাউটদের সবার আগে এগিয়ে আসতে হবে। আমি আশা করি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ধর্মান্ধতা রোধসহ সামাজিক সচেতনতা সৃষ্টিতে স্কাউটরা বরাবরের মতো নিজেদের সক্রিয় রাখবে।’

বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন  মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও ক্যাম্পুরি চিফ ড. মো. মোজাম্মেল হক খান,  ক্যাম্পুরি সাংগঠনিক কমিটির সভাপতি মো. আলমগীর প্রমুখ।