এলপিজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ ও নির্ধারিত সেই মূল্য সিলিন্ডারের গায়ে উল্লেখ করার প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট। রুলে সিলিন্ডারের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা এবং তা নির্ধারণে কমিটি গঠনে দ্রুত পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। এছাড়া সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণে কমিটি গঠন ও সিলিন্ডারের গায়ে দাম লেখার বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে জ্বালানি সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে ১ মার্চের মধ্যে আদালতকে অবহিত করতে বলা হয়েছে।

এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নির্ধাণর নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন আইনজীবী মো. মনিরুজ্জামান। তিনি বলেন, বিইআরসির মূল কাজ হলো—জ্বালানির যৌক্তিক মূল্য নির্ধারণ করা। কিন্তু দুঃখজনক বিষয় হলো—এই বিষয়ে তাদের কোনো কর্মকাণ্ড নেই। তাই আন্তর্জাতিক বাজারে এলপিজি গ্যাসের দাম কত আছে এবং সে অনুপাতে আমাদের স্থানীয় বাজারে দাম কত হবে সেই বিষয়ে কমিটি করা দরকার।