মুক্তিযুদ্ধের পক্ষের দুই মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামের পক্ষে ভোট চেয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। দুই সিটিতে ১৪ দলের পৃথক দুটি টিম গতকাল ছয়টি ওয়ার্ডে এই প্রচারণা চালায়। উত্তর সিটিতে ১৪ দলের প্রচারণায় নেতৃত্ব দেন জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম। দক্ষিণ সিটিতে প্রচারণা ও গণসংযোগে নেতৃত্ব দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা।
এদিকে তাপস-আতিকের পক্ষে ভোট চেয়েছে যুবলীগ। গতকাল যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আতিকুল ইসলামের পক্ষে খিলক্ষেত, ডুমনী, যমুনা ফিউচার পার্ক ও বরুরা এলাকার ৯৬, ১৭, ৪৮, ৪৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে লিফলেট বিতরণ করে ভোট ও দোয়া প্রার্থনা করা হয়। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শ্যামপুর এলাকায় প্রচারণায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহসম্পাদক তাজউদ্দিন আহমেদ। ১৫ নম্বর ওয়ার্ডের ইসিবি চত্বর, মানিকদী, মাটিকাটা বাজারে প্রচারণায় নেতৃত্ব দেন আসাদুল হক আসাদ। মিরপুর, পল্লবীর ১৩ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় নেতা আব্দুল মোতালেব বাদশার নেতৃত্বে মিছিল ও জনসংযোগ অনুষ্ঠিত হয়।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে ভোট চান যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সহধর্মিণী অ্যাডভোকেট নাহিদা সুলতানা যুথী। গতকাল দুপুর ২টা থেকে ভিক্টরিয়া পার্ক, লক্ষ্মীবাজার, পেরিদাস রোড, কাঠেরপুল, ধূপখোলা, দিননাথ সেন রোড, সতিশ সরকার লেন, লোহারপুল, মনিজা রহমান স্কুল, ইস্টার্ন ক্লাব হয়ে স্বামীবাগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে লিফলেট বিতরণ করে ভোট ও দোয়া প্রার্থনা করেন তিনি।