সোয়া ৬ কোটি টাকার শুল্ক-মূসক ফাঁকি

ব্যবসায়ীসহ দুই জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

প্রায় সোয়া ৬ কোটি টাকার সম্পূরক শুল্ক ও মূল্যসংযোজন কর বা মূসক ফাঁকি দেওয়ার মামলায় দুই জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরা হলেন—মেসার্স খান টোব্যাকো ইন্ডাস্ট্রিজের মালিক মো. রফিকুল ইসলাম লাভলু ও গাজীপুরে অবস্থিত দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের উপব্যবস্থাপক আবুল বশর মজুমদার। গতকাল সোমবার কমিশন মামলার তদন্ত কর্মকর্তার প্রতিবেদন যাচাই-বাছাই করে এ চার্জশিট অনুমোদন দেয়। শিগিগরই বিচারিক আদালতে এ চার্জশিট জমা দেওয়া হবে বলে দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

দুদক জানায়, আসামি রফিকুল ইসলাম খান লাভলু প্রতারণা, জালিয়াতি এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গর মাধ্যমে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল-১/২ নওগাঁ অফিসের অনুমতিপত্র জাল করে তা দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড গাজীপুরে দাখিল করে মো. আবুল বশর মজুমদারের সহায়তায় বিপুলসংখ্যক সিগারেট স্ট্যাম্প ও ব্যান্ডরোল উত্তোলন করে ৪ কোটি ৭৩ লাখ ৮৫ হাজার টাকার সম্পূরক শুল্ক এবং ১ কোটি ৩৬ লাখ ৬৮ হাজার ৭৫০ টাকার মূসক ফাঁকি দিয়েছেন। এ বিষয়ে ২০১৭ সালের ৫ অক্টোবর নওগাঁ মডেল থানায় মামলা হয়। তদন্তকালে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিল কমিশন।