‘বুদ্ধিজীবীদের কুকুর বলতে না পারলে বাঁদর বলুন’

বুদ্ধিজীবীদের নিয়ে ফের বেফাঁস মন্তব্য করলেন ভারতীয় ক্ষমতাসীন দলের এক নেতা। বিজেপি নেতা সায়ন্তন বসু সোমবার বলেছেন, ‘বুদ্ধিজীবীদের কুকুর বলতে আপত্তি থাকলে বাঁদর বলুন’। বিজেপি নেতার এমন মন্তব্যে ইতিমধ্যে দেশটিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।       

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বোঝাতে বাড়ি বাড়ি যাচ্ছেন বিজেপি নেতা কর্মীরা।  

সোমবার পশ্চিম মেদিনীপুরের জেলার খড়গপুরে যান বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।    

সেখানেই তিনি বলেন, কুকুর শব্দে আপত্তি থাকলে আপনারা বাঁদর বলতে পারেন। আমার নাম করে তাদের (বুদ্ধিজীবীদের) বাঁদর বলে দিন।   

এর আগে রবিবার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, ‘যারা পার্কস্ট্রিট কাণ্ডের মতো ঘটনায় চুপ করে থাকেন তারা তৃণমূলের পোষা কুকুর ছাড়া আর কিছু নয়।’   

এছাড়া দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির সদর দফতরে দলের নতুন সভাপতি নির্বাচনের পর বক্তব্যে বলেন, ‘বুদ্ধিজীবীরা কোনও দিন আমাদের সঙ্গে ছিলেন না। আমাদের ওদের সমর্থন দরকার নেই। ওদের ছাড়াই আমরা মানুষের সমর্থনে জিতব।’  হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস। 

ইত্তেফাক/এসআর