ইবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত বিভিন্ন লেখকের অনূদিত গ্রন্থ নিজে নামে প্রকাশ করার অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের প্রফেসর ড. মনজুর রহমানের বিরুদ্ধে। এ অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। তবে অভিযুক্ত শিক্ষক অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন এবং প্রকাশকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন বলে জানান। বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, বাংলা বিভাগের প্রফেসর ড. মনজুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন লেখকের অনূদিত গ্রন্থ নিজ নামে প্রকাশের বিষয়ে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. তপন কুমার জোয়ার্দ্দার, আইন বিভাগের প্রফেসর ড. রেবা মন্ডল। কমিটিকে যথাশিঘ্রই ভাইস-চ্যান্সেলরের নিকট রিপোর্ট পেশ করতে অনুরোধ করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক বাংলা বিভাগের প্রফেসর ড. মনজুর রহমান জানান, ‘ আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’ গত ২০১৪ সালে আমি অন্য লেখকের কিছু বইয়ের ভূমিকা লিখেছিলাম। প্রকাশক বাণিজ্যিক মুনাফার জন্য আমার অনুমতি ছাড়াই আমার নামে বইগুলো প্রকাশ করেছে। বিষয়টি জানার পর প্রকাশকের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনগত ব্যবস্থা নিয়েছি।