বন্ধু

আবেদীন জনী

 

বন্ধু বলে কি ডাকলেই শুধু বন্ধু সকলে হয়?

বিপদে-ব্যথায় জানা যায় খাঁটি বন্ধুর পরিচয়।

তুমি যদি কাঁদো, বন্ধুও কাঁদে, তুমি হাসলেই হাসে

ধন্য জীবন—এমন বন্ধু থাকে যদি আশেপাশে।

 

দুঃখ তাড়ানো তুমুল সাহস বন্ধুর কাছে মেলে

বন্ধুর সাথে হাত রেখে হাতে হাঁটা যায় কাঁটা ঠেলে।

এমন বন্ধু পেয়ে যাও যদি, কী চাও জীবনে আর?

হবে ঝলমল জীবনের পাতা, পালাবে অন্ধকার।

 

বুকে যার আছে উদার জমিন, মায়া দিয়ে কাছে ডাকে

এমন সফেদ বন্ধু থাকুক জীবনের বাঁকে বাঁকে।

জন্মটা তার যেখানেই হোক, মানুষ হলে সে জাতে

বন্ধু হতে কি কোনো দোষ আছে, কোনো বাধা আছে তাতে?

 

বন্ধুকে ছাড়া জীবনের সব কে কাকে বলতে পারে?

মনের মতন বন্ধু পেলে তো মনের অসুখ সারে।