সমপ্রতি বাংলাদেশ ব্যাংক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম আবেদন ফ্রি ছাড়াই যেভাবে সরকারি ব্যাংকগুলোকে একত্রিত করে পরীক্ষা পদ্ধতি চালু করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু ডিজিটাল এই সিস্টেমের পাশাপাশি কয়েকটি অ্যানালগ পদ্ধতি থাকায় দুভোর্গ পোহাতে হচ্ছে প্রার্থীদের। আবেদন করার পর বাংলাদেশ ব্যাংক তাদের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করার বিষয়ে প্রার্থীদের কোনো তথ্য দেয় না। আবার প্রবেশপত্র ডাউনলোডের নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়। এসএমএস না দেওয়ার কারণে অনেকে বিষয়টি সমপর্কে অবগত হতে পারে না। ফলে আবেদন করার পরও অনেকে নির্ধারিত সময়ে প্রবেশপত্র ডাউনলোড করতে না পারায় পরীক্ষার হলে বসার অধিকার হারাচ্ছে। বেকারত্বের তকমা মাথায় নিয়ে চাকরির খোঁজে অনেক জায়গায় আবেদন করতে হয়। একাধিক আবেদন করতে গিয়ে কোন অধিদপ্তরে কখন প্রবেশপত্র দিচ্ছে তার তথ্য রাখা দুষ্কর হয়ে পড়ে। এসএমএস পদ্ধতি চালু হলে এই ভোগান্তি থেকে অনেকাংশে রেহাই পাবেন প্রার্থীরা, পাশাপাশি বাড়বে অংশগ্রহণকারীর সংখ্যাও। ডিজিটাল যুগে বাংলাদেশ ব্যাংকের এ প্রক্রিয়াকে আরো সমৃদ্ধ করতে সংশিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ সাখাওয়াত হোসেন
পটিয়া, চট্টগ্রাম