সংসদ সদস্য ইসমাত আরা সাদেক আর নেই

যশোর-৬ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক (৭৮) আর নেই। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।        ব্যক্তিগত জীবনে ইসমাত আরা সাদেক এক ছেলে এবং এক মেয়ের মা। তার ছেলে তানভীর সাদেক কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং মেয়ে নওরীন সাদেক একজন স্থপতি। দুই সন্তানই পরিবারসহ যুক্তরাষ্ট্রে থাকেন।

গতকাল বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইসমাত আরা সাদেকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জানাজায় অংশ নেন। জানাজার পর ইসমাত আরার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর দলীয় প্রধান হিসেবে দলের নেতাদের নিয়ে মরদেহে ফুল দেন শেখ হাসিনা। এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধীদলীয় প্রধান হুইপ মশিউর রহমান রাঙ্গা কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। জানাজার আগে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। পরে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অংশ নেন। জানাজায় মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। জানাজার আগে পরিবারের পক্ষ থেকে সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইসমাত আরার ছেলে তানভীর সাদেক। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরে তানভীর সাদেক এবং তার বোন নওরীন সাদেকের সঙ্গে কথা বলেন এবং সান্ত্বনা দেন।

ইসমাত আরা সাদেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোক বার্তায় তারা ইসমাত আরা সাদেকের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ নূর -ই- আলম চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রমুখ।

শোক জানিয়েছেন জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। এছাড়া শোক জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক ও পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।

ইসমাত আরা সাদেক ১৯৪২ সালের ১২ ডিসেম্বর বগুড়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৬ সালে বগুড়া ভি এম গার্লস স্কুল থেকে ম্যাট্রিক ও ১৯৫৮ সালে ঢাকার হলিক্রস কলেজ থেকে ইন্টারমিডিয়েড পাশ করেন। ১৯৬০ সালে তিনি ঢাকার ইডেন কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৯২ সালে তিনি ও তার স্বামী এ এস এইচ কে সাদেক আওয়ামী লীগে যোগ দেন। ১৯৯৬ সালে তিনি কেশবপুর মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা সদস্য এবং তখন থেকে তিনি ঐ কমিটির ১ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের সদস্য ছিলেন। তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) নির্বাচনি এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ১২ জানুয়ারি নতুন সরকার গঠিত হলে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। পরবর্তী সময়ে ২০১৪ সালের ১৫ জানুয়ারি তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ইসমাত আরা সাদেকের স্বামী এ এস এইচ কে সাদেক সাবেক শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। সাবেক এই সচিব এইচ কে সাদেক আওয়ামী লীগ থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর তিনি মারা যান।