মাইক্রোবাস অটোরিকশা মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

কেরানীগঞ্জ উপজেলায় মাইক্রোবাস, সিএনজি-চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে চার জন নিহত ও চার জন আহত হয়েছেন। আহত দুই জনের অবস্থা আশঙ্কাজনক। কলাতিয়া-কেরানীগঞ্জ-ঢাকা সড়কের কদমতলী এলাকায় গতকাল মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, মাইক্রোবাস, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। পরে এনাম মেডিক্যাল হাসপাতালে অপর একজন মারা যান। এর মধ্যে একজন হলেন রুস্তম আলীর ছেলে মো. আসলাম (৩২)। তাত্ক্ষণিকভাবে অন্যদের পরিচয় জানা যায়নি।

মাগুরায় বাসচাপায় স্কুলছাত্রী নিহত

এদিকে শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা জানান, শ্রীপুরে বাসচাপায় আলিফা (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গত সোমবার বিকাল ৪টায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদা নামকস্থানে সড়ক পারাপারের সময় ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি এসি বাস তাকে চাপা দেয়। আলিফা উপজেলার নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও মাঝাইল-মান্দারতলা গ্রামের শাহিনুর রহমানের মেয়ে। এ ঘটনায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বাসটি ভাঙচুর করে এলাকাবাসী। এসময় তারা ওয়াপদা সড়কে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানায়। সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন এবং ওয়াপদা স্পিড ব্রেকার স্থাপনের অঙ্গীকার করলে অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান বলেন, চালক পালিয়ে গেলেও তাকে আটকের ব্যাপারে পুলিশ তত্পর রয়েছে।