শিশুদের উল্লাসে প্রাণবন্ত মেলা

 মো. আবু হানিফ, শেকৃবি সংবাদদাতা

বাণিজ্য মেলায় শিশুদের বিনোদনের জন্য রয়েছে অস্থায়ী দুটি শিশুপার্ক। যেখানে আনন্দ ও উল্লাসে মেতে থাকছে শিশুরা। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, একদিকে কেনাকাটার ধুম, অন্যদিকে শিশুপার্কে শিশুদের হৈ-হুল্লোড়। শিশুপার্কের বিভিন্ন রাইডে শিশুরা উঠতে চাচ্ছে। এজন্য করতে হচ্ছে দীর্ঘ অপেক্ষা। অনেক অভিভাবক কেনাকাটার ফাঁকে ক্লান্তি কাটানোর সুযোগ নিচ্ছেন শিশুপার্কে। শিশুরা ইচ্ছে মতো চড়ছে ঘোড়ার পিঠে, কেউ অভিভাবকের সঙ্গে বসে দোলনা, নাগরদোলায় দোল খাচ্ছে। কেউ উঠছে ম্যাজিক বোর্ডে, কেউবা আবার চলছে ট্রেনে। এছাড়া জাম্পিং, মিনি হেলিকপ্টারসহ বেশ কিছু রাইড রয়েছে। সেগুলোতে মনের আনন্দে হেসেখেলে বেড়াচ্ছে শিশুরা। মেলায় অটিস্টিক শিশুদের জন্য ফ্রি রাখা হয়েছে সব ধরনের রাইড। তাই পার্কটিতে আনন্দে মেতে উঠছে অটিস্টিক শিশুরাও।

কাজীপাড়া থেকে মেলায় ঘুরতে আসা এক অভিভাবক শাহনাজ পারভিন বলেন, শিশুদের ঘুরার জন্য ঢাকায় খুব বেশি জায়গা নেই। মেলা থেকে কেনাকাটা করেছি দুইবার। এখন আসি বাচ্চাদের নিয়ে ঘুরতে। ওরা অনেক ভালো সময় কাটায় এখানে। তবে রাইডের সংখ্যা বেশ কম। রাইড পেতে সময় লাগে অনেক, লাইনে দাঁড়াতে হয়।’

পার্ক কর্তৃপক্ষ বলেন, ‘শুরুর খরা কাটিয়ে এখন প্রত্যাশা মতো টিকিট বিক্রি হচ্ছে। পার্কে প্রতিটি জাম্পিং টিকিট ১০০ টাকা, অন্যান্য রাইডের টিকিট ৪০ থেকে ৫০ টাকা। অল্প জায়গা বরাদ্দ পাওয়ায় রাইড বাড়ানো সম্ভব হচ্ছে না।’

মায়ের সঙ্গে শিশুপার্কে আসা ছোট্ট তাহমিদ বলেন, ‘খেলনা কিনতে আর শিশুপার্কে থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে। আজ অনেক মজা করেছি। ঘোড়ায় চড়েছি, ট্রেনে চড়েছি, জাম্পিং করেছি।’