মোটরসাইকেলে ইয়াবা ফেরি!

হাতিরঝিলে দুই মাদক কারবারি গ্রেফতার

g পিনাকি দাসগুপ্ত

মোহাম্মদ রুস্তম এবং আব্দুর রশীদ। দুই জনের বয়স পঞ্চাশের কাছাকাছি। এর মধ্যে রুস্তমের বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। আর ঢাকা জেলার ধামরাইরের বাসিন্দা রশীদ। বর্তমানে তারা ঘনিষ্ঠ (!) বন্ধু। এ বন্ধুত্বের যোগসূত্র ইয়াবা। এক সময় শখের ইয়াবাসেবী ছিল রশীদ। শেষটায় ইয়াবা কারবারির খাতায় নাম লেখায়। আর ইয়াবা কারবারের সুবাদে রশীদের কক্সবাজার আসা-যাওয়া। সেখানেই পরিচয় রুস্তমের সঙ্গে। পরিচয় পরিণত হয় বন্ধুত্বে। গত কয়েক বছর ধরে তারা চুটিয়ে ব্যবসা করে ইয়াবার। মাঝে বেশ কয়েকবার জেল খেটেছে। কিছুদিন কারাবাস শেষে মিলেছে মুক্তি। আবার ফিরেছে পুরোনো পেশায়। কিন্তু ২০১৮ সালের ৪ মে দেশব্যাপী মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সাঁড়াশি অভিযান শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ দেশের বিভিন্ন স্থানে একের পর এক মাদক কারবারি নিহত হয়। এ পরিস্থিতিতে রুস্তম ও রশীদের ইয়াবা কারবারে ধস নামে। এরই মধ্যে রুস্তম আলী ইয়াবার চালান নিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়। ফলে রশীদ প্রাণ ভয়ে আত্মগোপনে চলে যায়। সম্প্রতি কারাগার থেকে জামিনে ছাড়া পায় রুস্তম। এরপর নতুন কৌশলে তারা শুরু করে ইয়াবা ব্যবসা। মহানগর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছে ইয়াবা কারবারি রুস্তম ও রশীদ। মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ জোনাল টিম হাতিরঝিল এলাকা থেকে সোমবার রাতে তাদের গ্রেফতার করে। এ সময় উদ্ধার করা হয় ৫ হাজার পিস ইয়াবা। ডিবি পুলিশ তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী গোয়েন্দা-দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার ইয়াবা কারবারি। তাদের বিরুদ্ধে রাজধানী ও কক্সবাজারে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে রুস্তম কিছুদিন আগে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছে।

অভিযানের ব্যাপারে এ গোয়েন্দা কর্মকর্তা বলেন, তাদের কাছে তথ্য ছিল রাজধানীর বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ গ্রুপ ইয়াবা ফেরি করে বিক্রি করে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান শুরু করে। তারই ধারাবাহিকতায় হাতিরঝিল এলাকা থেকে রুস্তম ও রশীদকে গ্রেফতার করা হয়। দুই জনের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ হাজার পিস ইয়াবা (আটটি প্যাকেটে রাখা ছিল)। জব্দ করা হয় তাদের ব্যবহূত একটি মোটরসাইকেল। হাতিরঝিল থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বরাত দিয়ে সাইফুর রহমান আজাদ বলেন, আরো বেশ কিছু চক্র আছে যারা মোটরসাইকেলে ইয়াবা বিক্রি করে থাকে।

মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৭ জন গ্রেফতার : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ গত চব্বিশ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করে।