চার কার্যদিবস পর কমেছে সূচক

g ইত্তেফাক রিপোর্ট

টানা চার কর্মদিবস উত্থানের পর গতকাল মঙ্গলবার মূল্যসূচক কমেছে দেশের উভয় শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ৪৯ পয়েন্ট। এছাড়া দুই বাজারেই সোমবারের তুলনায় টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সূচক কমার পর ডিএসইএক্স ৪ হাজার ৪০৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৭ পয়েন্টে। এই বাজারে গতকাল ৪০৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা এর আগের কার্যদিবসের চেয়ে ৮৮ কোটি টাকা কম। লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ২৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—লাফার্জ হোলসিম বাংলাদেশ, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, কেপিসিএল, এসএস স্টিল, এডিএন টেলিকম, বীকন ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, এসকে ট্রিমস ও সিঙ্গার বিডি।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—আইসিবি, সী পার্ল বীচ্ রিসোর্ট, প্রিমিয়ার সিমেন্ট, কর্ণফুলি ইন্স্যুরেন্স, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, সোশ্যাল ইসলামি ব্যাংক, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, হাইডেলবার্গ সিমেন্ট ও ভিএফএস থ্রেড ডাইং।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো— সিলকো ফার্মা, জিলবাংলা সুগার, ফারইস্ট ফাইন্যান্স, নরদার্ন জুট, এআইবিএল ফার্স্ট ইসলামি মিউচ্যুয়াল ফান্ড, রিং সাইন, এভিন্স টেক্সটাইলস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, মিরাকেল ইন্ডাস্ট্রিজ ও স্টাইল ক্র্যাফট।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪৩০ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৪০ লাখ টাকার।