জিডিপিতে শিল্প খাতের অবদান বাড়ছে

চলতি বছর থেকে শিল্পোদ্যোক্তাদের জন্য চালু হচ্ছে

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার

g ইত্তেফাক রিপোর্ট

মোট দেশজ উত্পাদনে (জিডিপি) শিল্প খাতের অবদান বাড়ছে। ২০১৭-১৮ অর্থবছরে জিডিপিতে শিল্প খাতের অবদান ছিল ৩৩ দশমিক ৭১ শতাংশ। ২০১৮-১৯ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ১৪ শতাংশ। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ঐ সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমও তুলে ধরেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’ প্রবর্তন করা হয়েছে। চলতি বছর প্রথমবারের মতো সাতটি ক্যাটাগরির প্রতিটিতে শিল্পোদ্যোক্তাদের তিনটি করে পুরস্কার দেওয়া হবে। এছাড়া ‘বঙ্গবন্ধু শিল্পভাবনা’ শীর্ষক একটি জাতীয় সেমিনার ও মন্ত্রণালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে।

সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়। এ সময় মন্ত্রী বলেন, অতীতের চেয়ে বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের কার্যক্রমে গতি এসেছে। তবে কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পৌঁছাতে পারিনি। তবে আগামীতে বেশকিছু কার্যক্রমের ফল দৃশ্যমান হবে।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল হালিম বলেন, অনেকে শিল্প লবণ আমদানির আড়ালে আমদানি নিষিদ্ধ ভোজ্য লবণ আমদানি করেছেন। এখন শিল্প মন্ত্রণালয়ের নেওয়া উদ্যোগের কারণে আমদানিকারকরা তা আর পারছেন না। দেশে লবণের পর্যাপ্ত মজুত রয়েছে। সাভারের চামড়া শিল্পনগরীর প্রস্তুতি বিষয়ে তিনি বলেন, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) প্রস্তুত হয়েছে। অন্যান্য কিছু পেপার ওয়ার্ক বাকি রয়েছে।

সংবাদ সম্মেলনে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।