স্পোর্টস রিপোর্টার
নিজে কয়েক মাস আগেই পাকিস্তান জাতীয় দলের প্রধাণ নির্বাচক ছিলেন। কিন্তু এখনকার প্রধান নির্বাচক মিসবাহ-উল-হকের দল নির্বাচন পদ্ধতি বুঝেই উঠতে পারছেন না সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেছেন, বাংলাদেশের বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি দল দেখে তিনি বিস্মিত হয়েছেন। বিশেষ করে দুই ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমিরের বাদ পড়ার কোনো কারণ দেখছেন না তিনি।
ইনজামাম তার ভিডিওতে বলেছেন, ওয়াহাব ও আমিরের আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের অপরিহার্য অংশ থাকা উচিত ছিল। সেই সঙ্গে ইনজামাম মনে করেন, এই দুই বোলারের অভিজ্ঞতাটা কাজে লাগানো উচিত নির্বাচকদের।
ইনজামাম বলেছেন, ‘আমি কিছু সিদ্ধান্ত বুঝতে পারিনি। ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমিরের অবশ্যই বাদ পড়া উচিত হয়নি। এই দুই জন খুব অভিজ্ঞ। আর এই শর্টার ফরম্যাটে তারা বোলিংয়ে অনেক ভালো। টেস্ট ক্রিকেটের জন্য তাদের দলের বাইরে রাখাটা ওদের ঠিকভাবে সামলানো হলো না। কারণ, ওরা সিনিয়র ক্রিকেটার। নির্বাচকদের বরং ওদের অভিজ্ঞতার সুযোগ নেওয়া উচিত ছিল। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ কাছেই চলে এসেছে।’
ইনজামাম পুরো দল দেখেই বিস্মিত হয়েছেন। দলে এত পরিবর্তন তিনি আশা করেননি। তবে কিছু পরিবর্তন ভালোর জন্যই হয়েছে বলে তিনি মনে করেন, ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য দলে এত পরিবর্তন দেখে আমি একটু অবাক হয়েছি। এক ফরম্যাটে পরপর দুটি সিরিজের দলে এত পরিবর্তন হওয়া উচিত না। তবে এই দলটা আমি মনে করি, সিনিয়র ও জুনিয়রদের ভালো একটা সমন্বয় হয়েছে। আমি মনে করি অলরাউন্ডার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজকে ফিরিয়ে আনাটা ভালো সিদ্ধান্ত হয়েছে। ফাস্ট বোলার হারিস রাউফকে দলে নেওয়াটাও ভালো সিদ্ধান্ত। ব্যাটসম্যান আহসান আলী ঘরোয়া ক্রিকেটে সত্যিই ভালো পারফরম করছিল। ফলে ওকে দলে নেওয়াটাও ভালো সিদ্ধান্ত।’