সালাহউদ্দিনকে বুরুন্ডি স্পিকারের চ্যালেঞ্জ

সোহেল সারোয়ার

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলছে আফ্রিকান ফুটবল দল বুরুন্ডি। তাদের সিনেটের স্পিকার রিভেরি এন কানুরিও বাংলাদেশে এসেছেন। বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গেও দেখা করেছেন। সৌজন্য সাক্ষাতে বৈঠকে বাফুফের সভাপতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বুরুন্ডির সিনেটের স্পিকার রিভেরি কানুরিও বলেছেন তারা ফাইনালে খেলবেন। এমন চ্যালেঞ্জের কথা বাফুফে সভাপতি নিজেই সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করে বলেছেন, ‘বুরুন্ডির স্পিকার জানিয়েছেন তারা ট্রফি জয় করতে এসেছেন আমাকে বলেছেন তারা জিতবেন।’

ফাইনালে খেলতে হলে সেমিফাইনালে জিততে হবে। আগামীকাল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলবে বুরুন্ডি। আর ফাইনাল খেলতে হলে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে যেতে হবে। কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি বাফুফে সভাপতি। এখন সবকিছু নির্ভর করছে খেলোয়াড়দের ওপর। সেমিফাইনালে বুরুন্ডিকে হারিয়ে ফাইনালে ওঠার কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

সালাহউদ্দিনের মুখ রক্ষা হবে কি না ভয় আছে। কারণ বাংলাদেশ আর বুরুন্ডির ফুটবল শক্তির খবর জেনে গেছে দর্শক। পার্থক্য আছে অনেক। ফিফার র্যাংকিংয়ে পার্থক্য তো থাকছেই। আর মাঠের লড়াইয়ে প্রতিটি পজিশনে ব্যবধান চোখে পড়েছে। তার ওপর ইনজুরি আর লালকার্ডে বাংলাদেশ অনেকটাই দুর্বল। এই অবস্থায় চোখে অন্ধকার দেখছেন বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডে।

পরিস্থিতি যাই হোক কঠিন শপথ নিচ্ছেন কোচ জেমি ডে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে বুরুন্ডির বিপক্ষে এক ইঞ্চি জমিও ছাড়বেন না জেমি। ফুটবলারদের গিলিয়ে দেওয়া হচ্ছে মাঠে কি করতে হবে। ঘরের মাঠে ফাইনালে যাওয়ার সুযোগ হাতছাড়া করতে রাজি না এই কোচ।

 স্ট্রাইকিং পজিশন নিয়ে ঝামেলা ছিল সেটি শ্রীলঙ্কার বিপক্ষে কিছুটা পূরণ হলেও রক্ষণ বলতে বাংলাদেশের কিছুই নেই এখন। টুটুল হোসেন বাদশা এবং ইয়াসিন খান আগেই বিদায় নিয়েছেন অসুস্থতায়। আস্থার প্রতীক হয়ে যিনি ছিলেন সেই তপু বর্মণ দুই হলুদ কার্ডের কারণে তপুও মাঠের বাইরে। রক্ষণভাগ পাহারা নিয়ে ঝামেলায় আছেন কোচ জেমি ডে। যদিও মুখে বলছেন সামাল দিয়ে নেবেন। বাস্তবতা হচ্ছে বুরুন্ডির আক্রমণভাগের সামনে বাংলাদেশের রক্ষণ ছিন্নভিন্ন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছেই। রিয়াদুল হক রাফি, রহমত মিয়া, রায়হান হাসান, বিশ্বনাথ ঘোষরে নিয়ে রক্ষণ স্রোতের মতো ভেসে যেতে পারে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠে।

শেখ জামালের মাঠে অনুশীলনে আশঙ্কার কথাই বলছিলেন জেমি ডে। এখন কি করবেন পেছনে তাকালে তো হবে না— মনে করছেন কোচ। জেমি ডে বললেন, ‘বুরুন্ডির বিপক্ষে খেলা। তারা আক্রমণাত্মক ফুটবল খেলে।’

বুরুন্ডির আক্রমণাত্মক ফুটবল ক্লাবগুলোর চোখে পড়েছে। খেলোয়াড় নিতে চায় একাধিক ক্লাব। এমন কয়েকজন খেলোয়াড় বাংলাদেশের রক্ষণে ভাঙন ধরাবেন মুহূর্তে মুহূর্তে। আগুনের ফুলকির মতোই তারা জ্বলে উঠতে পারেন সেই প্রমাণও দিয়েছেন বুরুন্ডির ফুটবলাররা। গোল খেয়ে গোল করার দক্ষতা দারুণ। দুই ম্যাচে সেটা প্রমাণও করেছেন। জেমি ডে বললেন, ‘বুরুন্ডি গতিময় ফুটবল খেলে। তারা যদি স্পেস পায় তাহলে আমাদের জন্য সেটা ক্ষতিকর। আমরা এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি না। সেভাবেই আমার খেলোয়াড়দের গড়ে তোলার চেষ্টা করছি।’

শ্রীলঙ্কাকে (৩-০) হারিয়ে সেমিফাইনালে উঠা বাংলাদেশ একদিন বিশ্রাম কাটিয়ে গতকাল অনুশীলন করে। পুরো দমেই অনুশীলন করেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে মাঠে নামতে পারবেন কি না সেটা এখনো নিশ্চিত না। জামালের বিশ্বাস মাঠে নামতে পারবেন। বুরুন্ডিকে নিয়ে জামাল বললেন, ‘দুই ম্যাচে সাত গোল করেছে। বুঝতে হবে তাদের শক্তিটা কেমন।’