দ্বিতীয় রাউন্ডে নাদাল
স্পোর্টস ডেস্ক
সময়টা মোটেও পক্ষে কথা বলছিল না মারিয়া শারাপোভার। গেল বছর ইউএস ওপেনের পর থেকে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। ওয়াইল্ড কার্ড পেয়ে খেলতে এসেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনে। তবে এখানেও দুঃসময় শেষ হলো না তার। রুশ এই তারকা ১৯তম বাছাই ডোনা ভেকিচের কাছে হেরেছেন ৬-৩, ৬-৪ গেমে। তবে পুরুষ এককে রাফায়েল নাদাল ঠিকই শুভ সূচনা করেছেন কলম্বিয়ান প্রতিপক্ষ হুগো ডালেনকে সরাসরি সেটে হারিয়ে।
গতকাল মঙ্গলবার ক্রোয়েশীয় প্রতিপক্ষ ভেকিচের কাছে সরাসরি সেটের এই হার টেনিস র্যাংকিংয়ের সেরা ৩৫০ থেকে শারাপোভার ছিটকে যাওয়া নিশ্চিতই করে দিয়েছে। ফলে পরবর্তী অজি ওপেনে খেলতে পারবেন কি না তা নিয়েই সংশয় প্রকাশ করলেন তিনি, ‘আমি জানিনা ভবিষ্যত্ আমার জন্যে কী তুলে রেখেছে। আগামী এক বছরে কী ঘটতে যাচ্ছে তা বলা আমার জন্যে কঠিন।’ পরবর্তী অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে না পারলে প্রতিযোগিতায় এটাই হয়ে যাবে সাবেক বিশ্বসেরা টেনিস তারকার শেষ উপস্থিতি।
তবে বছর শুরুর এই গ্র্যান্ড স্ল্যামে খেলার আগে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে তার শেষ অংশগ্রহণ ছিল গেল বছর ইউএস ওপেনে। এরপর কাঁধের চোট মাঠেই নামতে দেয়নি তাকে। র্যাংকিংয়ে সেরা ১০০র বাইরে থাকা এই তারকা চলতি আসরে খেলতে এসেছিলেন ওয়াইল্ড কার্ড নিয়ে। সেজন্যে অবশ্য কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতেও ভুললেন না তিনি। শারাপোভার ভাষ্য, ‘এখানে খেলতে আসার জন্যে নিজেকে ভাগ্যবান মনে করছি আমি। এবং এই টুর্নামেন্টে খেলার সুযোগ করে দেওয়ার জন্যে আয়োজকদেরও ধন্যবাদ জানাই।’
শেষ ১২ মাসে বেশ চোটের ধকল সহ্য করেই চলতি আসরে খেলতে এসেছিলেন শারাপোভা। সেরা চেষ্টাটা করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় কিছুটা হতাশাও ঝরল তার কণ্ঠে। তিনি বলেন, ‘নিজের সেরাটা দেওয়ার চেষ্টাই ছিল। কঠিন হলেও ম্যাচটা শেষ করেছি আমি কিন্তু যেভাবে চেয়েছিলাম, ফলাফলটা তেমন হয়নি।’
তবে শারাপোভার মতো বিদায়ের দিনে রাফায়েল নাদাল দুরন্ত এক জয়ে নিশ্চিত করেছেন দ্বিতীয় রাউন্ড। প্রথম দুই সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়লেও তৃতীয় রাউন্ডে প্রতিপক্ষকে কোনো প্রকার সুযোগ না দিয়েই জেতেন ‘রাফা’। প্রথম রাউন্ডে ৬-২, ৬-৩, ৬-০ গেমের দারুণ জয়ের পর দ্বিতীয় রাউন্ডে ফ্রেদেরিকো দেলবয়েসের বিপক্ষে খেলবেন তিনি। দিনের অন্য ম্যাচে স্তানিস্লাস ওয়াওরিঙ্কা বসনিয় প্রতিপক্ষ দামির জমহুরকে ৭-৫, ৬-৭, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে পরের রাউন্ডের টিকিট কেটেছেন। নারী এককের অন্য ম্যাচে সিমোনা হালেপ, কিকি বার্টেন্স, গার্বিন মুগুরুজা ও এলিনা সভিতোলিনারা জয় নিয়ে পরের পর্ব নিশ্চিত করেছেন।